দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-মুরাদনগর মহাসড়কে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
বিশেষ করে মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমের মালিকানাধীন ‘ইলিয়টগঞ্জ এক্সপ্রেস’ পরিবহনের বিরুদ্ধে সরকারি কোনো অনুমোদন ছাড়াই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগী যাত্রীরা।
যাত্রীদের দাবি, স্বাভাবিক সময়ে ঢাকা থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর রুটে জনপ্রতি বাস ভাড়া ২০০ টাকা হলেও ঈদকে কেন্দ্র করে তা বাড়িয়ে ৩০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কোনো সরকারি ঘোষণা বা বৈধ অনুমোদন ছাড়াই ভাড়া বাড়ানোয় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
ভুক্তভোগীরা জানান, ঈদের মৌসুমে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপকে কাজে লাগিয়ে পরিবহন কর্তৃপক্ষ এই সুযোগ নিচ্ছে। প্রতিবাদ করলে পরিবহন শ্রমিকদের অসৌজন্যমূলক আচরণেরও অভিযোগ করেন তারা।
মুরাদনগরগামী এক যাত্রী বলেন, ‘প্রতিবছর ঈদের সময় কোনো না কোনো অজুহাতে ভাড়া বাড়ানো হয়। এবার ২০০ টাকার ভাড়া সরাসরি ৩০০ টাকা নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ।’
আরেক যাত্রী বলেন, ‘ঈদে বাড়ি ফিরতেই হবে, সেই বাধ্যবাধকতাকে পুঁজি করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’
স্থানীয় সচেতন মহলের দাবি, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ অনৈতিক এবং এটি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। যাত্রী ভোগান্তি কমাতে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জরুরি হস্তক্ষেপ এবং তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে ‘ইলিয়টগঞ্জ এক্সপ্রেস’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মহাসড়কে প্রশাসনের কঠোর নজরদারি এবং অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।
এমএস/